জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পঞ্চগড় শহরের শ্যামলী কাউন্টার এলাকা থেকে ভারত থেকে বাংলাদেশে পুশইন হওয়ার দাবি করা আরও ছয়জনকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া উপজেলার শারিয়ালজোত বিওপি ক্যাম্পের আওতাধীন ফরেস্ট এলাকার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শারিয়ালজোত বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় চারজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির দাবি, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা গ্রামের শিপন (১৯), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের হাফিজুল (২১), একই জেলার বনগাঁও গ্রামের সাব্বির (১৫) ও রাহান (১৩)।
আটক চারজনকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, একই দিন সকালে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক এলাকার শ্যামলী কাউন্টারে ছয়জন অবস্থান করছিলেন। তাদের চলাফেরা ও অবস্থান নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের পরিচয় যাচাইয়ের উদ্যোগ নেয়।
আটক ছয়জনের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জের বাচ্চু মিয়া (৬০), তার স্ত্রী আমিনা বেগম (৫৫), মেয়ে দিলারা বেগম (২৮), সিলেটের মফিজ আলী (২৫), সুনামগঞ্জের সুমন (২০) ও সজিব মিয়া (১৯)।
স্থানীয়দের কাছে আটক ব্যক্তিরা দাবি করেন, তারা গত পাঁচ বছর ধরে ভারতের কাশ্মীরে অবস্থান করে বিভিন্ন ধরনের কাজ করছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সোমবার গভীর রাতে বিএসএফ তাদের পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর নিজ নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে তারা পঞ্চগড় শহরের শ্যামলী কাউন্টারে যান।
তবে তারা সত্যিই ভারত থেকে পুশইনের মাধ্যমে বাংলাদেশে এসেছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তাদের পরিচয় ও বাংলাদেশে প্রবেশের বিষয়টি যাচাই করা হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও অভিযানের সময় চারজনকে আটক করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে পঞ্চগড় শহরের শ্যামলী কাউন্টার থেকে সন্দেহজনকভাবে আটক ছয়জনের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশীষ কুমার শীল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্যামলী কাউন্টারে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা ভারত থেকে পুশইন হয়ে বাংলাদেশে এসেছে কি না, তা এখনই বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ছয়জনের প্রকৃত পরিচয় ও বাংলাদেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম