নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে বিক্রি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় পতাকা বিকৃত করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (৩ জুলাই) দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় তারা আরবি অক্ষরে কালেমা সংযুক্ত জাতীয় পতাকা তৈরি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করতেন। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের পতাকা উড়তে দেখা গেলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে তথ্য-উপাত্ত সংগ্রহের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় পতাকাকে বিকৃত করে কালেমা সংযুক্ত পতাকা তৈরি ও অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করা হচ্ছিল। এ কার্যক্রমের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, জব্দ করা আলামত, অনলাইন কার্যক্রম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা যাচাই করে ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা চলছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম