নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ব্যবহৃত দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে বন্দর উপজেলার হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন ভোরে আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে শীতলক্ষ্যা নদীর ঘাটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫ থেকে ৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল সেখানে এসে তাদের ঘিরে ফেলে।
ডাকাত দলের একজন নৌকায় অবস্থান করলেও বাকি সদস্যরা রামদা ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই আনসার সদস্যকে জিম্মি করে। একপর্যায়ে তাদের সঙ্গে ধস্তাধস্তির পর আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সির ব্যবহৃত দুটি শর্টগান ছিনিয়ে নেয়।
অস্ত্র লুটের পর ডাকাতরা ইঞ্জিনচালিত নৌকাযোগে শীতলক্ষ্যা নদী দিয়ে কাঁচপুরমুখী উত্তর দিকে দ্রুত পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ডাকাত দলের সদস্যদের সবার পরনে কালো প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। তারা মুখে মাস্ক পরিহিত ছিল এবং তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
এ ঘটনায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর পক্ষে মো. মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় মামলা দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন অস্ত্র লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত দুটি শর্টগান উদ্ধার এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নদীপথসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম