
ডেক্স রিপোর্টঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া নেওয়া একটি পণ্যবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মামলাটি দায়ের করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা। মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে, যার মধ্যে মেঘনা শিপইয়ার্ড মালিকের ছেলেও রয়েছেন।
মামলার এজাহারে বাদী রাকেশ শর্মা উল্লেখ করেন, মাল পরিবহনের জন্য জাফর নামে এক ব্যক্তি তার কাছ থেকে এক মাসের জন্য একটি পণ্যবাহী জাহাজ ভাড়া নেন। পরে জাহাজটি সোনারগাঁয়ের কাদিরগঞ্জ এলাকার একটি শিপইয়ার্ডে নিয়ে সেটি ভেঙে বিক্রি করে দেওয়া হয়।
মামলায় আসামি করা হয়েছে—মো. জাফর, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, এমদাদুল হক, জাফর মিয়া ও শাহাদাত হোসেনকে। এর মধ্যে বৃহস্পতিবার নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নোয়াখালীর হাতিয়ার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে।
এদিকে মেঘনা শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম দাবি করেছেন, তার প্রতিষ্ঠানে কেবল জায়গা ভাড়া দেওয়া হয়েছিল। তিনি বলেন, “জাফর ও নজরুল একটি স্ট্যাম্পে স্বাক্ষর করে ১ লাখ ৬০ হাজার টাকায় জায়গা ভাড়া নিয়েছিল। পরে জানতে পারি তারা জাহাজের মালিক নয়। বিষয়টি বুঝতে পেরে আমরা পুলিশকে খবর দেই এবং নজরুলকে পুলিশের হাতে তুলে দেই। একটি মহল আমাদের রাজনৈতিক অবস্থান নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ছেলে শাহাদাত হোসেনকে মামলায় জড়িয়েছে।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “জাহাজ কাটার বিষয়ে মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম