
বিশেষ সংবাদদাতাঃ মতলব উত্তরে ধনাগোদা নদীর উপর গড়ে ওঠা ‘ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টকে’ ঘিরে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড, মতলব শাখা থেকে একটি অফিসিয়াল চিঠি দিয়ে ভাসমান রেস্টুরেন্টের দুই মালিক মো. সাইফুল মোল্লা ও মো. সবুজ মিয়াকে ৩ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় বাপাউবোর অধিগ্রহণকৃত জায়গায় বিনা অনুমতিতে ধনাগোদা নদীর উপর রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে। এর আগেও রেস্টুরেন্ট অপসারণের নির্দেশনা প্রদান করা হলেও মালিকপক্ষ তা উপেক্ষা করে স্থাপন কার্যক্রম চালিয়ে গেছেন।
বাপাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন খান স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, তিন দিনের মধ্যে রেস্টুরেন্টটি নিজ দায়িত্বে অপসারণ না করলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অনুলিপি প্রদান করা হয়েছে নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মতলব উত্তর থানা ও ইউনিয়ন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। চরমাছুয়া এলাকার স্থানীয়রা জানান, ধনাগোদা নদীর বুক চিরে অবৈধভাবে স্থাপনা নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সন্ধ্যার পর এই এলাকায় বাড়ছে নানা অসামাজিক কর্মকাণ্ডও।
পানি উন্নয়ন বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের দাবি, ধনাগোদা নদী দখল করে যেন আর কোনো স্থায়ী বা ভাসমান অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে— তা নিশ্চিত করতে হবে এখনই।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম